ডেঙ্গু প্রতিরোধে মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান
সংগৃহীত ছবি
ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শারমিন আক্তার সুমি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক।
মূলত ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শুরু হওয়া এ কার্যক্রম চলবে প্রতি শনিবার। ডা. মো. শাহীন বলেন, হঠাৎ করে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। ডেঙ্গুর জীবাণু বহন করা এডিস মশা ময়লা আবর্জনার মধ্যে বংশবিস্তার করে থাকে। সেজন্য এর বংশবিস্তার রোধে হাসপাতালের চারপাশে পরিষ্কার রাখার কার্যক্রম শুরু করা জরুরি ছিল।
এ সময় তিনি আরো বলেন, ‘আমাদের প্রত্যেকের বাড়ি-ঘর ও দোকানপাটসহ সব জায়গা নিজ নিজ উদ্যোগে পরিষ্কার রাখতে হবে। যাতে এডিস মশার বিস্তার না ঘটতে পারে। তাহলেই আমরা ডেঙ্গুকে প্রতিরোধ করতে সক্ষম হব।’