শহীদ আব্দুল্লাহর ক্যান্সার আক্রান্ত ভাইয়ের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তা
সংগৃহীত ছবি
চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের ক্যান্সারে আক্রান্ত ছোট ভাই মাহমুদুল্লাহ বিন জিসানের চিকিৎসায় আবারও সহায়তা দিয়েছেন বিএনপি’র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (১ মার্চ ২০২৬) সন্ধ্যায় গুলশানে শহীদ আব্দুল্লাহর মায়ের হাতে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে চিকিৎসা সহায়তা প্রদান করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ও বিএনপি’র কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।
এসময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ উদ্যোক্তা ব্যারিস্টার শাহাদাৎ বিন জামান শোভন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ ও শাকিল আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক এ.কে.এম. মনজুরুল ইসলাম, দ্য ডেইলি সানের ডেপুটি এডিটর মোহাম্মদ আল আমিন, দৈনিক সংবাদ প্রতিদিনের সিনিয়র প্রতিবেদক এনামুল হক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদল নেতা মশিউর রহমান।
প্রসঙ্গত, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অসুস্থ মাহমুদুল্লাহ বিন জিসানের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। ইতিপূর্বে তাকে আরও কেমোথেরাপি, রেডিওথেরাপিসহ সম্পূর্ণ খরচ ‘আমরা বিএনপি পরিবার’র পক্ষ থেকে প্রদান করা হয়েছে।