মাগুরায় ফটকি নদীর ওপর সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন
সংগৃহীত ছবি
মাগুরা সদর উপজেলার ভাবনহাটি-টিওরখালি সড়কে ফটকি নদীর ওপর সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর বাস্তবায়নে নির্মিতব্য এ সেতুর ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি ৭৫ লক্ষ টাকা। প্রকল্পের কাজ আগামী ১ মার্চ ২০২৭ সালের মধ্যে কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে সংসদ সদস্য স্থানীয় ভূমি মালিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট মালিকদের সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন।
প্রসঙ্গত, ফটকি নদীর পাড় ঘেঁষে অবস্থিত প্রাচীনতম ভাবনহাটি বাজার একসময় ছিল এ অঞ্চলের অন্যতম বাণিজ্যিক প্রাণকেন্দ্র। নদীপথে দূর-দূরান্ত থেকে ব্যবসায়ীরা এখানে আসা-যাওয়া করতেন। তবে সড়ক উন্নয়নের ফলে নদীকেন্দ্রিক এ বাজারের ক্রেতা-বিক্রেতার সমাগম উল্লেখযোগ্যভাবে কমে যায়। পাশাপাশি নদীর ওপর সেতু না থাকায় এপারের বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে যাতায়াতে চরম ভোগান্তির শিকার হয়ে আসছেন।
স্থানীয়দের প্রত্যাশা, সেতুটি নির্মিত হলে শিক্ষার্থীদের চলাচল সহজ হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে। একই সঙ্গে মৃতপ্রায় ভাবনহাটি বাজারেও নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরবে।