ময়মনসিংহে মাদকের টাকা নিয়ে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ৩
প্রতিকি ছবি
মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে ময়মনসিংহে মো. সুমন মিয়া (৩৫) নামে এক যুবককে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার অষ্টধার কুঠুরাকান্দা গ্রামের মো. সজিব আলী (২০), অষ্টধার ভিটাপাড়া গ্রামের নাজমুল ইসলাম (২৫) এবং একই গ্রামের এক কিশোর (১৬)। নিহত সুমন মিয়া একই এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, তারা সবাই মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন। সম্প্রতি মাদক বিক্রির টাকার ভাগ নিয়ে সুমন ও সজিবের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর জেরে গত ২৬ ফেব্রুয়ারি রাতে মোবাইল ফোনে ডেকে সুমনকে অষ্টধার সেনপাড়া এলাকায় নেওয়া হয়। সেখানে গাঁজা সেবনের সময় কথা-কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কপাল, গলা, ঘাড়, বুক ও তলপেটসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ পাশের একটি ধানক্ষেতের সেচনালার ওপর ফেলে রাখা হয়।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও
দিয়েছেন।
এদিকে, গ্রেফতার কিশোরকে আদালতের নির্দেশে গাজীপুর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।