মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ভাঙ্গার এক যুবক নিহত
ফাইল ছবি
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের বাসিন্দা মো. বেলায়েত শেখ (৩৫) নিহত হয়েছেন। তিনি চৌকিঘাটা গ্রামের মৃত ইউসুফ শেখের পুত্র।
মঙ্গলবার (৩ মার্চ) বাংলাদেশ সময় ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
নিহতের ছোট ভাই ঝিলু শেখ জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে মালয়েশিয়া প্রবাসী পাশের গ্রামের এক ব্যক্তি তাদের কাছে খবর দেন যে, সড়ক দুর্ঘটনায় তার বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত গভীর রাতে সড়কে দায়িত্ব পালনরত অবস্থায় একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, তিন ভাইয়ের মধ্যে মো. বেলায়েত শেখ ছিলেন সবার বড়। তিনি বিবাহিত এবং দুই কন্যা সন্তানের জনক। প্রায় তিন বছর আগে সংসারের অভাব-অনটন দূর করতে এবং সন্তানদের ভালো ভবিষ্যৎ গড়ার আশায় ধার-দেনা করে মালয়েশিয়ায় পাড়ি জমান। কিন্তু একটি দুর্ঘটনায় তার সব স্বপ্নের ইতি ঘটেছে।
মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।