রাস্তার পাশে কোনো ময়লা থাকবে না : গাজীপুর সিটির প্রশাসক
সংগৃহীত ছবি
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেছেন, রাস্তার পাশে কোনো ময়লা থাকবে না। সড়কের যত ময়লা আবর্জনা আছে তা একটি নিদিষ্ট স্থানে নিয়ে ফেলা হবে। ঈদের পর থেকে রাস্তার পাশে কোনো ময়লা থাকবে না। রাস্তার পাশে গাছ লাগিয়ে পরিচর্যা করবো এবং একটি নান্দনিক সড়কে পরিণত করব। মাত্র সাত দিন ধরে দায়িত্ব নিয়েছি, আমাকে একটু কাজ করতে সময় দিন, দেখবেন কি পরিবর্তন হয়েছে। পিছনে কে কি করছে সেসব দেখার সময় নেই। আমি কি করলাম এটাই দেখার বিষয়।
আজ বুধবার বিকালে গাজীপুর সিটি কর্পোরেশন ৪৭ নং ওয়ার্ড শিলমুন এলাকায় ময়লা ফেলার ডাম্পিং স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শওকত হোসেন সরকার আরও বলেন, ১৮০ দিনের একটি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, ওই কর্মসূচিতে মসক নিধন, ময়লা-আবর্জনা পরিষ্কার, ড্রেনেজ ব্যবস্থাসহ ক্লিন সিটি নির্মাণে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়া প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে খেলার মাঠ, বিভিন্ন স্থানে পাবলিক টয়েলেট নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ক্লিন ও গ্রিন সিটি নির্মাণে আপনাদের সবার সহযোগিতা লাগবে। আমি আপনাদের সবার সহযোগিতা চাই। আমাকে একটু সহযোগিতা করুন।
অনুষ্ঠানে আকিজ বেকার এর প্রশাসনিক কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় অনান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ন সচিব) মুহাম্মদ সোহেল হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানা, ৪৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নূর-ই মোস্তাফা খান ও সাবেক ছাত্রদল নেতা ও কাউন্সিলর প্রার্থী আইয়ুব আলী প্রমুখ।