সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি দমনে জিরো টলারেন্স: ড. মোশাররফ

সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি দমনে জিরো টলারেন্স: ড. মোশাররফ

কুমিল্লা–১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন

কুমিল্লা–১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি কঠোরভাবে দমন করা হবে। এ বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স। অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই—সে যেই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে।

বৃহস্পতিবার কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ড. মোশাররফ হোসেন বলেন, দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সরকারি কর্মকর্তারা জনগণের সেবক। সেবার মনোভাব নিয়ে জনকল্যাণে প্রতিটি কাজ সম্পন্ন করতে হবে। জনগণের সেবামূলক কাজে ইচ্ছাকৃত শৈথিল্য বা অনিয়ম কোনোভাবেই বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, জনগণের সহযোগিতায় আগামী পাঁচ বছরে বিএনপির ইশতেহার ও ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা পূরণ করা হবে। দারিদ্র্যমুক্ত, উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।