জামালপুর সীমান্তে ২২ হাজার ভারতীয় রুপিসহ আটক ২
ছবিঃ সংগৃহীত।
জামালপুরের দেওয়ানগঞ্জের ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে ২২ হাজার ভারতীয় রুপি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুই ব্যক্তিকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কুমারেরচর এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২২ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়।
এ সময় বিজিবির সদস্যরা রুপির মালিক শিপন মিয়া ও আবদুস ছামাদ নামে দুই ব্যক্তিকে আটক করে। তাদের দুজনের বাড়ি কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা গ্রামে।
আটক দুজনের কাছ থেকে ভারতীয় ১৮ পিস ওষুধ, মোবাইল ও পান মসলাও জব্দ করা হয়। পরে তাদের দেওয়ানগঞ্জ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে অবৈধ চোরাচালান বন্ধে বিজিবির সদস্যরা সজাগ রয়েছেন। অভিযান অব্যাহত থাকবে।