পাকুন্দিয়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার
প্রতিকি ছবি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছয় বছর বয়সি শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে হোসেন্দী এলাকায়। গ্রেফতার কাউছার আহাম্মেদ রবিন (১৮) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নাদামপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে নিজ ঘরে মোবাইল ফোন দেখছিল শিশুটি। এ সময় রবিন ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকার শুনে তার মা ঘরে গিয়ে ঘটনা দেখে তিনিও চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশীরা গিয়ে রবিনকে আটক করে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।