মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি: নিপুণ রায়
সংগৃহীত ছবি
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে আমরা মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি।
শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আব্দুলাহপুর কলাকান্দি স্কুলমাঠে আয়োজিত ইফতার মাহফিল বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিপুণ রায় বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, তরুণসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করা এখন সময়ের দাবি। এজন্য মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে রাখতে হলে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করতে হবে। তবেই একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
নিপুণ রায় বলেন, কেরানীগঞ্জে মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ঠাঁই হবে না। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে মাদক ব্যবসায়ী যেই হোক না কেন তাদের কোনো ছাড় নেই।
তেঘরিয়া ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিরাজ মিয়ার সভাপতিত্বে ও তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সদস্যসচিব সামিউল্লাহর সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, ঢাকা জেলা কৃষক দলের আহ্বায়ক জুয়েল মোল্লা, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লাসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী।