গাইবান্ধায় জাল টাকাসহ আটক ১

গাইবান্ধায় জাল টাকাসহ আটক ১

প্রতিকি ছবি

গাইবান্ধা সদর উপজেলার কামারজানি এলাকায় জাল টাকা লেনদেনের অভিযোগে রিয়াজুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় লোকজন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

শুক্রবার বিকেলে কামারজানি হাট ও বাজার এলাকায় জাল টাকা ব্যবহার করার সময় বিষয়টি স্থানীয়দের নজরে আসে। সন্দেহ হলে তাকে আটক করে স্থানীয়রা।

আটক রিয়াজুল ইসলাম ঝালকাঠি সদর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কামারজানি বাজারের ইসলাম বস্ত্রালয় থেকে একটি গামছা কিনে রিয়াজুল ১ হাজার টাকার একটি নোট দেন। দোকানির সন্দেহ হলে নোটটি যাচাই করা হয়। এ সময় স্থানীয় লোকজন বাজার সড়ক এলাকা থেকে তাঁকে আটক করেন।

এ ছাড়া বাজারের একটি পানের দোকান ও একটি মুদি দোকানেও কেনাকাটার সময় তিনি ১ হাজার টাকার জাল নোট ব্যবহার করেন বলে অভিযোগ রয়েছে। পরে তার মানিব্যাগ তল্লাশি করে ১ হাজার টাকার পাঁচটি জাল নোটসহ মোট ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। এরপর তাকে গাইবান্ধা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, পাঁচ হাজার টাকার জাল নোটসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।