নির্বাচন নিয়ে ভিত্তিহীন অভিযোগ করে বিভ্রান্ত করার সুযোগ নেই : ডা. শাহাদাত
সংগৃহীত ছবি
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বাংলাদেশের জনগণের ভোটের মাধ্যমেই বিএনপি রাষ্ট্রক্ষমতায় এসেছে। কোনো ধরনের পিছনের দরজা বা কারও অনুকম্পার মাধ্যমে নয়। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, তখনই জনগণের সরাসরি সমর্থন ও ভোটের মাধ্যমেই এসেছে।
শনিবার দুপুরে নগরীর ধনিওয়ালা পাড়া চাঁদমহল টাওয়ারে পবিত্র মাহে রমজান উপলক্ষে মহানগর বিএনপির উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, ১২ তারিখের নির্বাচনে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। কোথাও ভোটারদের বাধা দেওয়া হয়নি বা কোনো দলের এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগও পাওয়া যায়নি। ভোট গণনা শেষে প্রিসাইডিং কর্মকর্তারা স্বাক্ষরিত ফলাফলপত্র প্রার্থীদের হাতে তুলে দিয়েছেন। যদি কোনো প্রার্থীর ফলাফল নিয়ে আপত্তি থাকে, তাহলে আদালতের মাধ্যমে প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে।
ডা. শাহাদাত হোসেন বলেন, নির্বাচন নিয়ে ভিত্তিহীন অভিযোগ করে জনগণকে বিভ্রান্ত করার সুযোগ নেই। দেশের মানুষ এখন অনেক সচেতন এবং তারা সত্য-মিথ্যা ভালোভাবেই বুঝতে পারে। অতীতের মতো বর্তমানে এবং ভবিষ্যতেও জনগণ বিএনপির পাশে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।