যশোরে ভেজাল মবিল তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
ফাইল ছবি
যশোরে ভেজাল মবিল তৈরি ও তা অবৈধভাবে বাজারজাত করার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
রবিবার দুপুরে যশোর সদর উপজেলার মান্দারতলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, মবিল তৈরির বিষয়ে প্রতিষ্ঠানটির বিএসটিআই ও পরিবেশ অধিদফতরের কোনো অনুমোদন ছিল না।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোর কার্যালয়ের কর্মকর্তারা জানান, রবিবার দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সদর উপজেলার মান্দারতলা বাজারে ‘মেসার্স এসএম লুভ’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
প্রতিষ্ঠানটি বিএসটিআই ও পরিবেশ অধিদফতরের কোনো কাগজপত্র ছাড়াই বিভিন্ন ব্র্যান্ডের নামে (এইচডি-৫০, ২০ডব্লিউ-৪০, ২০ডব্লিউ-৫০) বোতলজাত মবিল তৈরি করছিল। প্রতিষ্ঠানটি সম্পূর্ণ ম্যানুয়াল পদ্ধতিতে এসব মবিল বোতলজাত করছিল এবং মবিল পরীক্ষার জন্য কোনো ল্যাবও তাদের ছিল না।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, অবৈধভাবে মবিল বোতলজাত ও বাজারজাত করার দায়ে মেসার্স এসএম লুভ-এর মালিক মোহাম্মদ আনোয়ারকে ৫০ হাজার টাকা এবং প্রতিশ্রুত পণ্য ভোক্তা পর্যায়ে যথাযথভাবে সরবরাহ না করার অপরাধে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোট এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তাদের পাশাপাশি বিএসটিআই কর্মকর্তা, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সদস্য এবং র্যাব-৬-এর একটি টিম উপস্থিত ছিল।