ভাঙ্গায় অগ্নিকাণ্ডে দুটি পরিবারের বসতঘর পুড়ে ছাই

ভাঙ্গায় অগ্নিকাণ্ডে দুটি পরিবারের বসতঘর পুড়ে ছাই

প্রতিকি ছবি

ফরিদপুরের ভাঙ্গায় অগ্নিকাণ্ডে দুটি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৯ মার্চ) রাত  ৮টার দিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, পূর্ব সদরদী গ্রামের সেন্টু শেখ ও তার ভাই মিন্টু শেখের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই  আগুনে তাদের রান্নাঘরসহ মোট চারটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। প্রথমে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে ভাঙ্গা দমকল বাহিনীর একটি ইউনিট গিয়ে ঘণ্টাখানেক চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, কাপড়, প্রয়োজনীয় মালামাল ও খাদ্যসামগ্রীসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের  পক্ষ থেকে দাবি করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত মিন্টু শেখ জানান, রান্নাঘর থেকে আগুন লাগার পর মুহূর্তে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও আগুনের তীব্রতার কারণে ঘরগুলো রক্ষা করা সম্ভব হয়নি। খবর পেয়ে  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভায়।

ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আবু জাফর জানান, অগ্নিকাণ্ডে দুটি পরিবারের ব্যাপক ক্ষতি হয়েছে। আমি উপজেলা প্রশাসনকে জানিয়েছি। তাদের সার্বিক সহযোগিতা প্রয়োজন।