মানিকছড়িতে রান্নাঘর থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
প্রতিকি ছবি
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বড়বিল এলাকায় রান্নাঘর থেকে রাম্রা মারমা (৪১) নামে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে বাটনাতলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড়বিল এলাকায় তার নিজ বাড়ির রান্নাঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাম্রা মারমা তিন ছেলে ও এক মেয়ের জননী।
নিহতের মেয়ে কলেজছাত্রী আনুমা মারমা জানান, সোমবার রাত ১০টার দিকে তিনি ও তার মা রাম্রা মারমা খাবার খেয়ে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে ঘুম থেকে উঠে মাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রান্নাঘরের বিছানায় কম্বল মুড়ি দেওয়া অবস্থায় কাউকে দেখতে পান। পরে কম্বল সরাতেই মাথা ও গলায় আঘাতের চিহ্নসহ মায়ের রক্তাক্ত মরদেহ দেখতে পান তিনি। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে মানিকছড়ি থানার ওসি (তদন্ত) মো. আল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।