ক্রেতা সেজে বাজার পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
সংগৃহীত ছবি
সুনামগঞ্জ থেকে সিলেটে ফেরার পথে কোনো পূর্বনির্ধারিত কর্মসূচি ছাড়াই আকস্মিক সিলেটের বিশ্বনাথে বাজার পরিদর্শনে নেমেছেন বাণিজ্য, শিল্প ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার পুরানবাজারে সাধারণ ক্রেতা সেজে তিনি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাচাই করেন।
সুনামগঞ্জের দিরাইয়ে ফ্যামিলি কার্ড বিতরণ শেষ করে সিলেটের জিলকার হাওরে একটি খাল খনন প্রকল্পের উদ্বোধনের পথে ছিলেন মন্ত্রী। পথে বিশ্বনাথের পুরানবাজারে গাড়ি থামিয়ে তিনি হঠাৎ বাজারে ঢুকে পড়েন।
মন্ত্রীকে সাধারণ ক্রেতার কাতারে দাঁড়িয়ে মুদি দোকানে পেঁয়াজ, তেল, আলু, ডাল ও ছোলাসহ বিভিন্ন পণ্যের দাম জিজ্ঞাসা করতে দেখা যায়। এ বাজারে পর্যবেক্ষণ শেষে গ্রামীণ বাজারে পণ্যের দাম স্থিতিশীল থাকায় সন্তোষ প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী।
এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু। মন্ত্রীর এই ঝটিকা পরিদর্শনে বাজারে উপস্থিত সাধারণ ক্রেতারা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।
স্থানীয় এক ক্রেতা বলেন, ‘মন্ত্রী এভাবে সরাসরি দোকানে এসে দাম যাচাই করলে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করার সাহস পাবে না। প্রকৃত বাজার পরিস্থিতি বুঝতে এমন তদারকি নিয়মিত হওয়া প্রয়োজন।