মক্কায় সড়ক দুর্ঘটনায় পটিয়ার প্রবাসী নিহত

মক্কায় সড়ক দুর্ঘটনায় পটিয়ার প্রবাসী নিহত

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের পবিত্র নগরী মক্কা নগরীতে এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের পটিয়ার প্রবাসী বাংলাদেশি মফিজুর রহমান (৬৫) নিহত হয়েছেন। বুধবার (১০ মার্চ) রাতে তারাবির নামাজ শেষে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

মফিজুর রহমান চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাঝের ঘাটা এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি জীবিকার তাগিদে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় বসবাস করছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাতে মক্কায় তারাবির নামাজ আদায় শেষে বাসায় ফেরার পথে হঠাৎ একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ছেলে তারেকুর রহমান তারেক বলেন, আমার বাবা প্রতিদিনের মতো তারাবির নামাজ পড়ে বাসায় ফিরছিলেন। হঠাৎ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন।

পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা বাবার মরদেহ দেশে আনার জন্য চেষ্টা চালাচ্ছি।

তিনি আরো জানান, মফিজুর রহমান এক দশকেরও বেশি সময় ধরে মক্কায় বসবাস করছিলেন এবং সেখানেই কর্মরত ছিলেন।

এদিকে, প্রবাসে মর্মান্তিক এই মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে পটিয়া পৌরসভার মাঝের ঘাটা এলাকায় নেমে আসে শোকের ছায়া।

তার আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও পরিচিত মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। 

দেশে নিহতের স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে। নিহতের মরদেহ দেশে আনার বিষয়ে পরিবার ও সংশ্লিষ্টরা প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছেন বলে জানা গেছে।