‘গণভবন’ থেকে রায় আসার যুগের অবসান হয়েছে: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

‘গণভবন’ থেকে রায় আসার যুগের অবসান হয়েছে: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

 ‘গণভবন’ থেকে আদালতের রায় আসার যুগের অবসান হয়েছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

তিনি বলেন, আমরা শুনেছি, আদালতের রায় আসতো গণভবন থেকে। আমরা মনে করি, সেই যুগের অবসান হয়েছে। বর্তমান বাংলাদেশে আইন তার নিজস্ব গতিতে চলবে।

বৃহস্পতিবার আইনজীবী অধিকার পরিষদ ঢাকা বার ইউনিটের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন এক বাংলাদেশ বিনির্মাণের সুযোগ এসেছে তুলে ধরে বিএনপি সরকারের এই প্রতিমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে আইনজীবীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, আমরা বিগত দিনে দেখেছি, ফ্যাসিবাদের সময় বিভিন্ন বারগুলোতে নির্বাচনের নামে জোর জবরদস্তি করে দখল করে রাখা হয়েছিল। বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করা হয়েছিল।

গণঅধিকার পরিষদের সভাপতি নুর বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি আইনসভাকে কার্যকর করার জন্য, সংসদকে কার্যকর করার জন্য আইনজীবীদের রাজনীতিতে এগিয়ে আসা উচিত। আইনজীবীদের সংসদে যাওয়ার জন্য আগামী দিনে আইনজীবী অধিকার পরিষদ সেই সুযোগ তৈরি করে দেবে। আগামীতে বিভিন্ন বারের নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে তারা সারা বাংলাদেশের আইনজীবীদেরকে সুসংগঠিত করবে।

আইনজীবী অধিকার পরিষদ ঢাকা বার ইউনিটের আহ্বায়ক মো. মমিনুল ইসলামের সভাপতিত্বে ইফতার আয়োজনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুন, জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসান এবং উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ ঢাকা বার ইউনিটের সদস্য সচিব হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইনজীবী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সরকার নুরে এরশাদ সিদ্দিকী, গণঅধিকার পরিষদের আইন সম্পাদক শওকত হোসেন, সহসম্পাদক সাজেদুল ইসলাম, আইনজীবী অধিকার পরিষদের নেতা মেহেদী হাসান, শিরিন আক্তার শেলী, ইয়ামিন সিরাজী, গৌরাঙ্গ লাল।