রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

সংগৃহীত ছবি

চৈত্রের আর বাকি মাত্র দুই দিন। এর মধ্যেই রাজধানী ঢাকায় গরম বাড়তে শুরু করেছে। তবে শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় হঠাৎ শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছেন নগরবাসী।

ছুটির দিন হওয়ায় সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। মাঝে মাঝে মেঘের ফাঁকে রোদ দেখা গেলেও বিকালের দিকে মেঘের বিস্তৃতি বাড়তে থাকে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি শুরু হয়। এ সময় দমকা বাতাসও বয়ে যায়।

এর আগে শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে প্রথম দিনে রংপুর বিভাগ, ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগ-এর কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগ-এর দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শনিবার (১৪ মার্চ) দ্বিতীয় দিনেও রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রবিবার (১৫ মার্চ) তৃতীয় দিনে রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোমবার (১৬ মার্চ) চতুর্থ দিন এবং মঙ্গলবার (১৭ মার্চ) পঞ্চম দিনে দেশের সব বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে পঞ্চম দিনে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। শুক্রবার সন্ধ্যা ছয়টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৭ শতাংশ। এ সময় পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল, যা দমকা আকারে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

এদিকে আগামীকাল ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৭ মিনিটে এবং সূর্যোদয় হবে ভোর ৬টা ৯ মিনিটে।