চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ, তামাকক্ষেতে মিলল নারীর রক্তাক্ত মরদেহ
প্রতিকী ছবি
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাঠ থেকে হাত-মুখ বাঁধা রক্তাক্ত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গ্রামের পার্শ্ববর্তী মাঠের এক তামাকক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়। ধর্ষণের পর তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
উদ্ধার হওয়া ওই নারীর নাম জোবেদা খাতুন (৪৫)।
তিনি দলিয়ারপুর গ্রামের মৃত তুফান হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে জোবেদা খাতুন বাড়ি থেকে ঘাস কাটার উদ্দেশ্যে মাঠে যান। এরপর দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সন্ধ্যার সময় গ্রামের মাঠের একটি তামাকক্ষেতে হাত-মুখ বাঁধা অবস্থায় রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে দলিয়ারপুর ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
দলিয়ারপুর ক্যাম্পের এসআই আখতাজ্জামান স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে ওই নারী মাঠে ঘাস কাটতে যান। পরে তিনি বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। সন্ধ্যায় গ্রামের মাঠে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবা উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।