আবদুল্লাহপুরে বিআরটি প্রকল্পের সংস্কারকাজ পরিদর্শনে সেতুসচিব

আবদুল্লাহপুরে বিআরটি প্রকল্পের সংস্কারকাজ পরিদর্শনে সেতুসচিব

সংগৃহীত ছবি

সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রকল্প (বিআরটি, গাজীপুর-এয়ারপোর্ট) করিডরের আবদুল্লাহপুর ইন্টারসেকশন পরিদর্শন করেছেন। এসময় তিনি চলমান সংস্কারকাজ দ্রুত শেষ করার তাগিদ দেন।

জানা যায়, বিআরটি প্রকল্পের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৪ সালে শেষ হওয়া এবং সংশোধিত আরডিপিপি অনুমোদন না পাওয়ায় আবদুল্লাহপুর ইন্টারসেকশনের কাজ দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ ছিল। জনদুর্ভোগ কমাতে এ্যাটগ্রেড অংশের আবদুল্লাহপুর ইন্টারসেকশন ও টঙ্গী ইউ-টার্নের রিজিড পেভমেন্ট নির্মাণকাজ প্রকল্প থেকে পৃথক করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে।

এ লক্ষ্যে নির্বাচিত ঠিকাদারের সঙ্গে ১৯ জানুয়ারি ২০২৬ চুক্তি স্বাক্ষর এবং ১ মার্চ কার্যাদেশ প্রদান করা হয়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর নির্দেশনায় গত ৫ মার্চ থেকে সংশ্লিষ্ট অংশে জরুরি ভিত্তিতে অস্থায়ী মেরামত কাজ শুরু হয়েছে, যাতে আসন্ন ঈদযাত্রায় যানবাহন চলাচলে ভোগান্তি কমে।

পরিদর্শনকালে সচিব অস্থায়ী মেরামত কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং স্থায়ী রিজিড পেভমেন্ট নির্মাণকাজের বর্তমান অবস্থা সম্পর্কে প্রকৌশলী ও প্রকল্প কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে সময়ভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশনাও দেন তিনি।

এসময় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিআরটি প্রকল্পের প্রকল্প পরিচালক এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সেতু সচিব বলেন, বিআরটি প্রকল্প ঢাকা ও গাজীপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত একটি উদ্যোগ এবং আবদুল্লাহপুর অংশটি এই করিডোরের গুরুত্বপূর্ণ সংযোগস্থল। জনদুর্ভোগ কমিয়ে গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে সংশ্লিষ্ট সবাই কাজ করছে।

পরিদর্শনের সময় তিনি আবদুল্লাহপুর ইন্টারসেকশনের ড্রেনেজ ব্যবস্থাও পর্যবেক্ষণ করেন এবং কাজ চলাকালে যানজট নিয়ন্ত্রণ ও জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের নির্দেশ দেন।

তিনি জানান, ঈদ উপলক্ষে যাত্রীদের ভোগান্তি কমাতে আপাতত অস্থায়ী মেরামত কাজ চলছে। ঈদের পর এ্যাটগ্রেড অংশের পূর্ণাঙ্গ সংস্কার কাজ পুরোদমে শুরু করা হবে।