রাজশাহীতে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত
ফাইল ছবি
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে ড্রাম ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার দুপুর ১টার দিকে বানেশ্বরের কলাহাটে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাওসার (২৬) ও তার শিশুসন্তান রেদোয়ান (৫)। তাদের বাড়ি চারঘাট উপজেলার শলুয়া এলাকায়। হাইওয়ে পুলিশ ট্রাকটি জব্দ করেছে। চালক ও সহকারী পলাতক।
পবা হাইওয়ে পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান, দুপুর ১টার দিকে বানেশ্বরের কলাহাটে বালুবাহী ড্রাম ট্রাকটি পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক ও সহকারী পালিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
এদিকে ট্রাকটি থানায় নেয়ার পথে তাতে আগুন ধরিয়ে দেন স্থানীয় জনতা। পরিদর্শক মোজাম্মেল হক বলেন, ফাঁড়ির ভেতরে নেয়ার আগে ট্রাকটি রাস্তার পাশে রাখা ছিল। তখন তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়।