লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ২৪ সিম
প্রতিকি ছবি
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অনলাইন জুয়া ও অবৈধ মোবাইল সিম বাণিজ্যের সঙ্গে জড়িত একটি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল কালীগঞ্জ থানার গোড়ল ইউনিয়নের মালগাড়া বগুড়াটারী এলাকায় অভিযান চালায়। এ সময় মোবাইল ফোনে অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলার সময় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন গোড়ল ইউনিয়নের চাকলারহাট এলাকার কনক রায় (২৫)। একই ইউনিয়নের মালগাড়া এলাকার নুরুজ্জামান (২৭) ও আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের নামড়ীবাজার এলাকার সজিব চন্দ্র (২১)।
অভিযান চলাকালে তারে কাছ থেকে জুয়া পরিচালনা ও অবৈধ লেনদেনের ব্যবহৃত ছয়টি মোবাইল ফোন এবং ২৪টি অবৈধ সিম কার্ড উদ্ধার করে জব্দ করা হয়। জব্দ করা মোবাইল ফোনগুলোতে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ ইনস্টল করা ছিল। এছাড়া সিম কার্ডগুলোর মাধ্যমে মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিস ব্যবহার করে লেনদেন পরিচালনার প্রমাণ পাওয়া গেছে।
জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ সাদ আহম্মেদ জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে আইন অনুযায়ী কালীগঞ্জ থানায় মামলা করা হয়েছে।