কুড়িগ্রামে ঈদের দিনে বৃষ্টির সম্ভাবনা

কুড়িগ্রামে ঈদের দিনে বৃষ্টির সম্ভাবনা

প্রতীকী ছবি

উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে আগামীকাল শ‌নিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উৎসবের আমেজ বিরাজ করলেও আবহাওয়ার পূর্বাভাসে দেখা দিয়েছে কিছুটা শঙ্কা।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঈদের দিন জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, ঈদের দিন সকাল পর্যন্ত আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকলেও দুপুরের পর থেকে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। এর মধ্যে শুক্রবার (২০ মার্চ) ভোর থেকে সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টি হয়েছে।

 

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, এদিন ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত সময়ের মধ্যে মোট ২৬ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল ৬টার আগে ১৪ দশমিক ৪ মিলিমিটার এবং পরবর্তী সময়ে আরো প্রায় ১৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়।

এদিকে, সম্ভাব্য বৃষ্টির কারণে ঈদের জামাত আয়োজন নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। কুড়িগ্রামের বিভিন্ন ঈদগাহ মাঠ ইতিমধ্যে প্রস্তুত করা হলেও টানা বৃষ্টিতে অনেক মাঠ ভেজা রয়েছে।

ফলে বৃষ্টিপাত অব্যাহত থাকলে মুসল্লিদের একটি বড় অংশ বিকল্প হিসেবে মসজিদে ঈদের নামাজ আদায়ের পরিকল্পনা করছেন।

মধুপুর সরকার পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন শফিকুল ইসলাম বলেন, ‘ঈদগাহ মাঠ প্রস্তুত করা হয়েছে। তবে বৃষ্টি হলে মসজিদেই নামাজ আদায় করতে হবে। এর আগেও এমন পরিস্থিতিতে আমরা মসজিদে ঈদের জামাত আদায় করেছি।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, ‘শনিবার সকালটা তুলনামূলক ভালো থাকলেও দুপুর ১২টার পর থেকে রাত ১২টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসময় গড়ে প্রায় ১৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।’