রাজশাহীতে সম্প্রীতি ও সৌহার্দ্যে ঈদের জামাত
সংগৃহীত ছবি
রাজশাহীতে হযরত শাহ মখদুম রুপোষ (রহ.) দরগা মাজারে সকাল ৮ টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদসহ সর্বস্তরের মুসল্লিরা নামাজ আদায় করেন। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল পৌনে ৯ টায়।
নামাজ শেষে ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহবান জানান।
এছাড়া সাহেববাজার জিরোপয়েন্ট মসজিদে, টিকাপাড়া মসজিদ, বিশ্ববিদ্যালয় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এবারের বৃষ্টির কারণে শাহ মখদুম (রহ:) কেন্দ্রীয় ঈদগাহের পরিবর্তে শাহ মখদুম দরগার মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে মুসল্লীরা মোনাজাতে দেশের শান্তি কামনা ও হিংসা ভুলে মিলেমিশে থাকার প্রার্থনা করেন।
ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, সমাজের বিত্তবানদের দায়িত্ব হলো দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। বিত্তবানরা যাতে দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে ঈদকে আরও আনন্দময় করে তোলেন সেই আহ্বান জানান তিনি।