‘ঈদগাহ মাঠে গণপিটুনি দেওয়া চাঁদাবাজ যুবদলের কেউ নয়, যুবলীগ নেতা’

‘ঈদগাহ মাঠে গণপিটুনি দেওয়া চাঁদাবাজ যুবদলের কেউ নয়, যুবলীগ নেতা’

প্রতিকি ছবি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকায় ঈদের দিন ঈদগাহ মাঠে চাঁদাবাজিকে কেন্দ্র করে গণপিটুনির শিকার হন বিটুল নামের এক যুবক। সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে মুসুল্লিদের দ্বারা মারধরের শিকার বিটুলকে জাতীয়তাবাদী যুবদলের নেতা হিসেবে প্রচার করা হয়। এরই প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা যুবদল। 

সোমবার দুপুরে বিএনপির পার্টি অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু। এসময় তিনি বলেন, বিটুল যুবদলের কেউ নয়। সে নিষিদ্ধ আওয়ামী যুবলীগের ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সহসভাপতি। কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল সংবাদ পরিবেশন করা হয়েছে। 

এসময় তিনি আরও বলেন, যুবদলের নেতাকর্মীরা দীর্ঘ সতের বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সময় অতিবাহিত করেছে। দলের বা সংগঠনের নাম ভাঙ্গিয়ে কোনো নেতাকর্মী চাঁদাবাজিসহ অনৈতিক কোনো কাজে জড়িত নয়। কেউ জড়িয়ে পড়লে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, ঈদের দিন ঈদগাহ মাঠে বসা ঈদ মেলায় বিভিন্ন দোকান থেকে চাঁদা দাবি করছিল বিটুল। এসময় উপস্থিত মুসল্লিরা চাঁদাবাজির প্রতিবাদ করে তাঁকে গণপিটুনি দেয়।