সীতাকুণ্ডে কাভার্ডভ্যানে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

সীতাকুণ্ডে কাভার্ডভ্যানে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

ফাইল ছবি

সীতাকুণ্ডে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) সকালে মহাসড়কের সোনাইছড়ি পাক্কা মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক আবু বক্কর (২৫) গাজীপুরের জয়দেবপুর সদর থানাধীন দেবীপাড়া গ্রামের মনিরুজ্জামানের ছেলে।

বার আউলিয়া হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, আবু বক্কর ও তার ৬-৭ জন বন্ধু ঈদের ছুটিতে মোটরসাইকেলযোগে গাজীপুর থেকে কক্সবাজার যাওয়ার উদ্দেশে রবিবার গভীর রাতে রওনা দেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তাদের বহরের একটি মোটরসাইকেল সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা রাস্তার মাথা এলাকা অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এ সময় আবু বক্কর আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. জসিম জানান, গাজীপুর থেকে কক্সবাজার বেড়ানোর উদ্দেশে যাওয়ার পথে দুর্ঘটনায় একজন মারা গেছে। কাভার্ডভ্যান জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।