ঈদের ছুটিতে কেরানীগঞ্জে বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়

ঈদের ছুটিতে কেরানীগঞ্জে বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে ঢাকার কেরানীগঞ্জের বিভিন্ন বিনোদন কেন্দ্রে মানুষের ঢল নেমেছে। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে এসব স্থানে ভিড় দেখা গেছে।

ঈদের তৃতীয় দিন সোমবার (২৩ মার্চ) কেরানীগঞ্জের আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড, আহাম্মেদ সাগর ক্যাফে অ্যান্ড পার্টি সেন্টার, স্বপ্নপুরী শিশু পার্ক, বেলনা ইকো রিসোর্ট, রাজাবাড়ি পার্ক, ক্যাফে-১০ ও সারিঘাটসহ বিভিন্ন বিনোদন স্পটে দর্শনার্থীদের উপচে পড়া উপস্থিতি দেখা গেছে।

সরেজমিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব স্থানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে দেখা গেছে দর্শনার্থীদের। ছুটির সুযোগে আশপাশের এলাকা ছাড়াও রাজধানীর বিভিন্ন স্থান থেকে মানুষ কেরানীগঞ্জে ভিড় করছেন। বিশেষ করে শিশু-কিশোরদের উপস্থিতি বেশি দেখা গেছে। অনেকে পরিবার নিয়ে পিকনিক, নৌভ্রমণ ও বিভিন্ন রাইডে অংশ নিচ্ছেন। এছাড়া কেরানীগঞ্জের লায়ন সিনেমাস হলেও দর্শকদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

দর্শনার্থীরা জানান, ব্যস্ত নগরজীবনের একঘেয়েমি কাটাতে ঈদের ছুটিই তাদের কাছে বড় সুযোগ। তাই প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে তারা এসব বিনোদন কেন্দ্রে ভিড় করছেন।

বন্ধুদের সঙ্গে ঘুরতে আসা মো. রুবেল বলেন, ঈদের ছুটিতে আনন্দ করার জন্যই এখানে আসা। অনেক ভিড় হলেও বন্ধুদের সঙ্গে সময়টা ভালোই কাটছে।

রাজধানীর বংশাল থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা ইয়াকুব বলেন, সন্তানদের নিয়ে বাইরে বের হওয়ার সুযোগ খুব একটা হয় না। তাই ঈদের ছুটিতে ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরছি। বিকালে পরিবার নিয়ে কেরানীগঞ্জের লায়ন সিনেমাস হলে ছবি দেখেছি, পরে স্বপ্নপুরী শিশু পার্কে এসেছি। বাচ্চারা অনেক খুশি, আমরাও আনন্দ পাচ্ছি।

এদিকে বিভিন্ন পার্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদ উপলক্ষে দর্শনার্থীদের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে অতিরিক্ত ভিড় সামাল দিতে কিছুটা বেগ পেতে হচ্ছে।

কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতে বাড়তি ভিড় হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ নজরদারি রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে, যাতে দর্শনার্থীরা নিরাপদে আনন্দ উপভোগ করতে পারেন।