ইরানের বিভিন্ন শহরে ভয়াবহ বিমান হামলা, আকাশে আগুনের কুণ্ডলী

ইরানের বিভিন্ন শহরে ভয়াবহ বিমান হামলা, আকাশে আগুনের কুণ্ডলী

সংগ্রহীত ছবি

ইরানের রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে শনিবার সন্ধ্যায় ব্যাপক বিমান হামলার খবর পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, তেহরানের উত্তর-পূর্ব, পশ্চিম, মধ্য এবং পূর্বাঞ্চলসহ বেশ কিছু জনবসতিপূর্ণ এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 

তেহরানের একটি বেসামরিক এলাকায় বিমান হামলার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে, যেখানে বর্তমানে জরুরি উদ্ধারকারী দল ও চিকিৎসাকর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

রাজধানী ছাড়াও সামরিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত পারচিন এলাকা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে অসমর্থিত সূত্রে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, বুশেহর বিমানবন্দরের কাছেও সম্ভাব্য স্ট্রাইকের ঘটনা ঘটেছে। এ ছাড়া স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু সময় পর মাশহাদ বিমানবন্দরের কাছে একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়ার কথা জানিয়েছেন স্থানীয়রা।

ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কেবল তেহরানই নয়, বরং মাশহাদ, কেরমানশাহ এবং বিরজান্দ শহরও এই হামলার কবলে পড়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে শহরের আকাশে আগুনের কুণ্ডলী দেখা গেলেও সেগুলোর সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এই নজিরবিহীন পরিস্থিতিতে দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।