চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের জন্য ফুয়েল কার্ড বাধ্যতামূলক

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের জন্য ফুয়েল কার্ড বাধ্যতামূলক

সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গায় জেলা প্রশাসন জ্বালানি তেলের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে মোটরসাইকেলে ‘ফুয়েল কার্ড’ বাধ্যতামূলক করেছে। আগামী ১ এপ্রিল থেকে জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষরযুক্ত এই কার্ড ছাড়া কোনো মোটরসাইকেলে তেল সরবরাহ করা হবে না। এছাড়া কোনো কনটেইনার বা জারে তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জ্বালানি তেলের মজুত, পরিবহন, বিপণন ও ব্যবহার সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন জানান, আগামী ৩০ ও ৩১ মার্চ জেলা প্রশাসকের কার্যালয় থেকে ফুয়েল কার্ড বিতরণ করা হবে। কার্ড সংগ্রহের জন্য মোটরসাইকেলের রেজিস্ট্রেশন কার্ড, চালকের ড্রাইভিং লাইসেন্স এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।

তিনি আরও জানান, ১ এপ্রিল থেকে প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার সব ফিলিং স্টেশন থেকে ফুয়েল কার্ড দেখিয়ে মোটরসাইকেলে তেল সংগ্রহ করা যাবে। তবে কৃষকদের জন্য নিয়ম শিথিল রাখা হয়েছে; কৃষিকাজে ব্যবহৃত ডিজেল আগের মতো ২৪ ঘণ্টা সরবরাহ করা হবে।

সভায় পুলিশ সুপার রুহুল কবীর খান, চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান, সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতারা এবং পাম্প মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।