মা হারালেন অভিনেতা প্রকাশ রাজ
ছবিঃ সংগৃহীত।
ভারতের বর্ষীয়ান অভিনেতা প্রকাশ রাজের মা সুবর্ণলতা ৮৬ বছর বয়সে পরলোকগমন করেছেন। বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
গুণী এই অভিনেতার মাতৃবিয়োগের খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা ও অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ। এক শোকবার্তায় তিনি জানান, বিশিষ্ট অভিনেতা প্রকাশ রাজের মা সুবর্ণলতা গারুর প্রয়াণে তিনি গভীরভাবে শোকাহত।
তিনি বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। এ ছাড়া সাবেক বিধায়ক বিষ্ণু বর্ধন রেড্ডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এই কঠিন সময়ে প্রকাশ রাজ ও তার পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন।
ব্যক্তিগত জীবনে প্রকাশ রাজের সঙ্গে তার মায়ের সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড়। এর আগে এক সাক্ষাৎকারে মাকে নিজের জীবনের ‘রানি’ হিসেবে অভিহিত করে অভিনেতা জানিয়েছিলেন, জীবনের প্রতিটি পদক্ষেপে মা তার ছায়ার মতো সঙ্গী ছিলেন।
সুবর্ণলতা দেবীর জীবন সংগ্রাম ছিল অনুপ্রেরণার। শৈশবে মা-কে হারানো এবং অনাথ আশ্রমে বেড়ে ওঠার পর তিনি নার্স হিসেবে নিজের কর্মজীবন শুরু করেছিলেন। সেখানেই এক রোগীর চিকিৎসাকালীন প্রকাশ রাজের বাবার সঙ্গে তার পরিচয় ও প্রণয় হয়।
প্রকাশ রাজের স্মৃতিচারণ অনুযায়ী, সংসারজীবনে তার মাকে চরম প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে।
তার বাবা মদ্যপানে আসক্ত ছিলেন এবং মাসের পর মাস সংসার থেকে নিরুদ্দেশ থাকতেন। তা সত্ত্বেও অসীম ধৈর্য ও সাহসিকতার সঙ্গে সুবর্ণলতা দেবী তার চার সন্তানকে বড় করে তুলেছেন। সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করা থেকে শুরু করে নিজের বোনদের বিয়ে দেওয়া—সব দায়িত্বই তিনি একা কাঁধে তুলে নিয়েছিলেন। নিজের কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে অভাবের সংসারেও তিনি অন্যের সেবায় নিজেকে নিয়োজিত রাখতেন।আজ প্রিয় সেই মানুষকে হারিয়ে শোকস্তব্ধ দক্ষিণী এই তারকা।