কামড় দেওয়া সাপ নিয়ে হাসপাতালে যুবক
সংগ্রহীত ছবি
ঝিনাইদহের শৈলকুপায় রিয়াজুল ইসলাম নামের এক যুবককে বিষধর সাপে দংশন করার খবর পাওয়া গেছে।
বুধবার (১ এপ্রিল) রাতে উপজেলার হাজরামিনা গ্রামে এ ঘটনা ঘটে। সাপে কাটা যুবককে বাঁচাতে এলাকাবাসী কেবল ওই যুবককে উদ্ধারই করেনি, বরং যে সাপটি তাকে কামড় দিয়েছে সেটিকেও ধরে সরাসরি হাসপাতালে নিয়ে হাজির হয়েছে।
স্থানীয়রা জানান, বুধবার রাতে রিয়াজুল বাজার থেকে বাড়ি ফিরছিলেন, পথে হঠাৎ একটি সাপ তাকে ছোবল দেয়।
সে সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা তাকে উদ্ধার করার পাশাপাশি উপস্থিত বুদ্ধিতে সাপটিকেও ধরে ফেলেন। পরে সাপসহ ওই যুবককে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন কালের কণ্ঠকে বলেন, রিয়াজুলকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তাকে অ্যান্টিভেনম প্রয়োগের জন্য সাপটি কোন প্রজাতির সেটা চিকিৎসকরা পরীক্ষা করে দেখছেন।