শিবালয়ে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, নিহত ১
প্রতিকি ছবি
মানিকগঞ্জের শিবালয় উপজেলার আলোকদিয়ার চরে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে মিরাজ হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জাহাঙ্গীর নামে আরও একজন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, ৪ থেকে ৫ জন অস্ত্রধারী দুর্বৃত্ত বালু উত্তোলনের কাটারে উঠে অতর্কিতভাবে গুলি চালিয়ে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ অবস্থায় কাটারের ম্যানেজার মিরাজ হোসেন ও শ্রমিক জাহাঙ্গীরকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মিরাজকে মৃত ঘোষণা করেন। আহত জাহাঙ্গীর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত মিরাজের বাড়ি পাবনা সদর উপজেলায়। তিনি বালু উত্তোলন কার্যক্রমের হিসাব-নিকাশের দায়িত্বে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শিবালয়ের তেওতা এলাকায় বালুমহাল ইজারা দেওয়া হলেও ইজারার বাইরে আলোকদিয়ার চরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। এ নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মানির হোসেন বলেন, বালু উত্তোলন নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।