গাইবান্ধায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

গাইবান্ধায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

প্রতিকি ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রজিবা বেগম (৪৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী সুজাউল ইসলাম সুজাকে (৫০) আটক করেছে পুলিশ।  

শনিবার সকাল ১০টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী (পূর্বপাড়া) এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রজিবা বেগম একই ইউনিয়নের রামনাতপুর এলাকার নছির উদ্দিন মুনসির মেয়ে।

স্থানীয়রা জানান, প্রায়শ স্বামী-স্ত্রীর ঝগড়া হতো। কয়েকদিন আগে ঝগড়া করে বাবার বাড়ি চলে যান রজিবা। স্বামী সুজা গত দুইদিন আগে শ্বশুর বাড়ি থেকে রজিবাকে নিয়ে আসে। গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে সুজা বাড়িতে এসে ঝুলন্ত অবস্থায় স্ত্রী রজিবাকে দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসে। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারী আত্মহত্যা করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী সুজাকে থানায় নেওয়া হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।