গোপন বৈঠকের সময় আটক নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতা জেলে
প্রতিকি ছবি
বরিশালে গোপন বৈঠকের সময় আটক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার রাতে নগরীর রূপাতলী হাউজিং এলাকার একটি বাসা থেকে তাদের আটক করে পুলিশ।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর দায়ের করা মামলায় শনিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
কারাগারে পাঠানো চারজন হলেন— সাবেক ছাত্রলীগ নেতা মুয়ীদুর রহমান বাকি (৩৩), মাহমুদুল হাসান তমাল (২৬), রাকিব হাসান রনি (৩০) এবং আকরাম খান ইমন (২৭)। তারা সবাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী বা সাবেক শিক্ষার্থী।
মামলার বাদী বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান অভিযোগ করেন, নগরীর রূপাতলী হাউজিংয়ের একটি বাসায় জড়ো হয়ে তারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কার্যক্রম পুনরুজ্জীবিত করার ষড়যন্ত্র করছিলেন। একই সঙ্গে সেখানে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডও চলছিল বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে তাদের অবরুদ্ধ করে পুলিশে দেওয়া হলে পুলিশ এসে তাদের আটক করে।
পুলিশ জানায়, মামলায় আসামিদের বিরুদ্ধে গোপন সভার মাধ্যমে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম গতিশীল করার চেষ্টা, সন্ত্রাসী কার্যকলাপে সম্পৃক্ততা, ভয়ভীতি প্রদর্শন এবং সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।
তবে আটককৃতদের একজন মাহমুদুল হাসান তমাল অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ছাত্রদলের কিছু সদস্য চাঁদাবাজির উদ্দেশ্যে তার বাসায় প্রবেশ করে। তাদের বাধা দেওয়ায় উল্টো তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
পুলিশ বলছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।