ইউপি সদস্যের বাড়ি থেকে ডিজেল উদ্ধার, জরিমানা ৫ হাজার

ইউপি সদস্যের বাড়ি  থেকে ডিজেল উদ্ধার, জরিমানা ৫ হাজার

ফাইল ছবি

বরিশালের মুলাদী উপজেলায় এক ইউপি সদস্যের বাড়ি থেকে ডিজেল উদ্ধারের ঘটনায় তার ভাইকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুলাদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পরাগ সাহা।

জরিমানাপ্রাপ্ত ব্যক্তি হলেন উপজেলার চরকালেখান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য সুমন ঘরামীর ভাই বাচ্চু আলম।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও মুলাদী থানা পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।

অভিযানে ইউপি সদস্য সুমন ঘরামীর ঘরের সামনে ২০০ লিটার ডিজেল ও ১ টন সরকারি চাল এবং তার ভাই বাচ্চু আলমের গরুর খামার থেকে আরও ৬০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। সুমন ঘরামী ও বাচ্চু আলম ডিজেল মজুদের বিষয়টি স্বীকার করেন। অবৈধভাবে ডিজেল মজুদ রাখার দায়ে বাচ্চু আলমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তবে সুমন ঘরামী দাবি করেন, উদ্ধার হওয়া সরকারি চাল তিনি কিনে রেখেছেন। এ বিষয়ে কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জব্দকৃত ডিজেল ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়েছে।