রংপুরে ১২ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

রংপুরে ১২ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

ফাইল ছবি

বিভাগে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ১২ জন রোগীর হাম আক্রান্ত শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪ জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ৮ জন রোগী বর্হিবিভাগে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।

শনিবার (৪ এপ্রিল) বিকালে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, রংপুর বিভাগের ৮ জেলা ও উপজেলা হাসপাতাল এবং রংপুর ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আসা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় লালমনিরহাটে ৪ জন, দিনাজপুরে ২ জন, ঠাকুরগাঁওয়ে ১ জন, পঞ্চগড়ে ৫ জন রোগী শনাক্ত হয়েছেন।

এছাড়া গত ৩০ মার্চ থেকে শনিবার পর্যন্ত রংপুর বিভাগের ৮ জেলায় হামে আক্রান্ত ৫৬ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। তবে রংপুর বিভাগে এখন পর্যন্ত হামে আক্রান্ত কেউ মারা যায়নি। বর্তমানে হাসপাতালে ৩০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। গত ৩০ মার্চ পর্যন্ত সরকারি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আসা ১১৬ জনের মধ্যে ৭ জনের হাম ও ৪ জনের হাম-রুবেলা হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা.গাউসুল আজম চৌধুরী বলেন, মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে হামের চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত রংপুর বিভাগে হামের পরিস্থিতি ভালো রয়েছে।