ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় অটোভ্যানচালক নিহত

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় অটোভ্যানচালক নিহত

ফাইল ছবি

দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় বাবুল মিয়া নামে এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানে থাকা এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।

নিহত ভ্যানচালক বাবুল মিয়া (৫০) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বোগলাগাড়ী (মাঠপাড়া) গ্রামের বাবর আলীর ছেলে। আহত যাত্রী হারুনুর রশীদ (৪২) হোসেনপুর গ্রামের মোহাম্মদ মোজাম্মেল হকের ছেলে।

রবিবার রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাটের নিতাই সাহ্ মোড়ে পাকা সড়কের ওপর এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, অটোভ্যান চালক বাবুল মিয়া যাত্রী নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ যাওয়ার পথে ওই স্থানে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি ট্রাকের সামনে পড়ে যান। এ সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় ভ্যানে থাকা যাত্রী ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের একটি দল আহত যাত্রীকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ঘোড়াঘাট থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।