ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় সিএনজিচালক নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় সিএনজিচালক নিহত

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কের মালিহাতা এলাকায় ট্রাকচাপায় নাসির মিয়া (২২) নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন।

রবিবার রাত ১১টার দিকে সদর উপজেলার মালিহাতা গ্রামের শ্রীডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসির মিয়া একই উপজেলার বুধল ইউনিয়নের মালিহাতা এলাকার কুতুব মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঢাকাগামী একটি ড্রাম ট্রাক বিশ্বরোডগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন অটোরিকশা চালক নাসির মিয়া। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, নিহতের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। দুর্ঘটনার পর ঘাতক ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।