হ্যাটট্রিক করেও মৌসুম নিয়ে অখুশি হল্যান্ড

হ্যাটট্রিক করেও মৌসুম নিয়ে অখুশি হল্যান্ড

হ্যাটট্রিক করেও মৌসুম নিয়ে অখুশি হল্যান্ড।। ফাইল ছবি।

মৌসুমের গোল সংখ্যা আগেই ছুঁয়েছে ত্রিশের ঘর। তবুও যেন আছে কমতি। আর সেটা নামটি কেবল আর্লিং হল্যান্ড বলেই। লিভারপুলের বিপক্ষে এফএ কাপের হাইভোল্টেজ ম্যাচে হ্যাটট্রিক করে ম্যানচেস্টার সিটি তারকা নিজেই বললেন, মৌসুমটি এখন পর্যন্ত তার খুব ভালো কাটেনি।

চলতি মৌসুমের প্রথম ভাগে অবশ্য চেনা রূপেই ছিলেন হলান্ড। কিন্তু ২০২৬ শুরুর পর, কিছুটা যেন নিজেকে হারিয়ে ফেলেন তিনি। শনিবারের আগ পর্যন্ত এই বছরে কেবল পাঁচটি গোল করতে পারেন তিনি, যা তার নামের পাশে মানানসই নয়।

গত মাসের মাঝামাঝি সিটি কোচ পেপ গর্দিওলাও বলেন, দলের সাফল্যের জন্য ‘হাল্যান্ডের গোল প্রয়োজন।’ কোচের ডাকে সাড়া দিয়ে তার পরের ম্যাচেই অবশ্য একটি গোল করেন তিনি; যদিও রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেই ম্যাচে জিততে পারেনি তারা, ছিটকে যায় চ্যাম্পিয়ন্স লিগ থেকে।

অবশেষে এবার যেন নিজেকে ফিরে পাওয়ার জানান দিলেন হলান্ড। উপহার দিলেন মৌসুমের প্রথম হ্যাটট্রিক। তার নৈপুণ্যে শনিবার রাতে লিভারপুলকে ৪-০ গোলে উড়িয়ে এফএ কাপের সেমিফাইনালে ওঠে সিটি। ২০২৪ সালের অগাস্টের পর, ক্লাব ফুটবলে প্রথম হ্যাটট্রিক করলেন নরওয়ের তারকা।

দলকে এফএ কাপে রেকর্ড টানা আটবার সেমি-ফাইনালে তুলে টিএনটি স্পোর্টসকে দেওয়া প্রতিক্রিয়ায় নিজের পেছনের পারফরম্যান্স নিয়ে হতাশার কথাই বললেন হাল্যান্ড। “(এই মৌসুমে) অনেক চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে, যা মোটেও ভালো কিছু নয়।এখন আমাদের জন্য সপ্তাহটা বেশ কঠিন কারণ, আমরা চ্যাম্পিয়ন্স লিগে নেই, যা ভালো নয়। তবে সামনে আমাদের চেলসি মুখোমুখি হতে হবে, আরেকটি (কঠিন) ম্যাচ।”

লিভারপুলের জালে ৩৯তম মিনিটে স্পট কিকে বল পাঠানোর পর, বিরতির আগেই দারুণ হেডে ব্যবধান দ্বিগুণ করেন হলান্ড। ৫০তম মিনিটে অ্যান্টোয়ান সেমেনিও দলের তৃতীয় গোলটি করার সাত মিনিট পর, ও’রাইলির দারুণ কাট ব্যাক পেয়ে প্রথম স্পর্শে হ্যাটট্রিক পূরণ করেন সিটির হয়ে প্রথম দুই মৌসুমেই প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জয়ী তারকা।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ ম্যাচে ৩৩ গোল করলেন ২৫ বছর বয়সি হলান্ড।

পরের ম্যাচে আগামী রোববার প্রিমিয়ার লিগে চেলসির মাঠে খেলবে সিটি।