ঘুরে দাঁড়াতে ব্রাজিল একাদশে বদলের ইঙ্গিত আনচেলত্তির
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।। ফাইল ছবি।
বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারেনি ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর সমালোচনার মুখে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী কোচ কার্লো আনচেলত্তি।
ফিলাডেলফিয়ায় সংবাদ সম্মেলনে ইতালিয়ান কোচ জানিয়েছেন, দলের খেলায় উন্নতি আনতে কিছু পরিবর্তন আনা হবে। যদিও তিনি স্পষ্ট করেননি, কোন কোন পজিশনে পরিবর্তন দেখা যাবে।
আনচেলত্তি বলেন, 'আমরা কিছু পরিবর্তন করব। দলের পারফরম্যান্স আরও ভালো হওয়া দরকার। আমরা জানি, আমাদের সামর্থ্য আরও বেশি এবং সেটাই মাঠে দেখাতে হবে।'
প্রথম ম্যাচে রাফিনিয়া, ক্যাসেমিরোসহ কয়েকজন অভিজ্ঞ ফুটবলার নিজেদের সেরা খেলাটা উপহার দিতে পারেননি। তবে তাদের ওপর আস্থা হারাননি ব্রাজিল কোচ। বরং তিনি মনে করেন, প্রথম ম্যাচের চাপ খেলোয়াড়দের স্বাভাবিক খেলায় প্রভাব ফেলেছিল।
আনচেলত্তির ভাষায়, ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নামার চাপ অনেক সময় ফুটবলারদের মানসিকভাবে প্রভাবিত করে। তবে একটি ম্যাচ দিয়ে কোনো দলের বিশ্বকাপ ভাগ্য নির্ধারিত হয় না বলেও তিনি মনে করিয়ে দেন।
দলের নির্দিষ্ট খেলার ধরণ নিয়ে সমালোচনার জবাবে আনচেলত্তি বলেন, তিনি কোনো একক পরিচয়ের দল গড়তে চান না। বরং পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন ধরনের ফুটবল খেলতে সক্ষম একটি দলই তার লক্ষ্য।