লাখ টাকার জরিমানা থেকে বাঁচলেন ইয়ামাল

লাখ টাকার জরিমানা থেকে বাঁচলেন ইয়ামাল

লামিন ইয়ামাল

বিশ্বকাপের ব্যস্ত সূচির মাঝেও একটু অবসর পেয়েছিলেন স্পেনের ফুটবলাররা। তবে সেই অবকাশই প্রায় বড় বিপদ ডেকে আনছিল তরুণ তারকা লামিন ইয়ামালের জন্য। নির্ধারিত সময়ের মাত্র পাঁচ মিনিট আগে দলের হোটেলে ফিরে এসে বড় অঙ্কের জরিমানা এড়িয়েছেন তিনি।

কেপ ভার্দের বিপক্ষে হতাশাজনক গোলশূন্য ড্রয়ের পর খেলোয়াড়দের একদিনের বিশ্রাম দেন স্পেন কোচ দে লা ফুয়েন্তে। বেশিরভাগ ফুটবলার হোটেলের আশপাশে সময় কাটালেও ইয়ামাল বেছে নেন ভিন্ন পরিকল্পনা। মা, প্রেমিকা ও কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুকে নিয়ে তিনি প্রায় ২০০ কিলোমিটার দূরের ন্যাশভিলে ঘুরতে যান।

ভ্রমণের ফাঁকে স্থানীয় একটি রেস্তোরাঁয় পারস্য খাবারও উপভোগ করেন ১৮ বছর বয়সি এই ফরোয়ার্ড। কিন্তু ফেরার পথে যানজট ও দীর্ঘ যাত্রাই তাকে ফেলে দেয় চাপে। কারণ স্পেন দলের অভ্যন্তরীণ নিয়ম অনুযায়ী, রাত ৯টার ডিনারের সময়সীমা অতিক্রম করলে খেলোয়াড়দের স্বয়ংক্রিয়ভাবে ২ হাজার ইউরো জরিমানা গুনতে হয়।

শেষ পর্যন্ত সময় ফুরানোর মাত্র পাঁচ মিনিট আগে হোটেলে পৌঁছে স্বস্তির নিঃশ্বাস ফেলেন ইয়ামাল। নাহলে প্রায় তিন লাখ টাকার সমপরিমাণ জরিমানা দিতে হতো তাকে।

চোট কাটিয়ে সদ্য মাঠে ফেরা ইয়ামাল কেপ ভার্দের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে খেলেছেন। এখন তার লক্ষ্য স্পেনকে প্রথম জয় এনে দেয়া। আগামী রোববার (২১ জুন) আটলান্টায় সৌদি আরবের বিপক্ষে মাঠে নামবে স্প্যানিশরা।