পাম্পে তেল নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে ২ যুবক আহত

পাম্পে তেল নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে ২ যুবক আহত

প্রতিকি ছবি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার একটি পেট্রল পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে কাওসার, জাহিদ ও সিহাব নামের তিন যুবক আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত রেজওয়ান আহমেদকে (২৭) ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার দুপুর পৌনে ১২ টার দিকে মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে পাম্পটিতে শৃঙ্খলার সঙ্গে পেট্রল নিচ্ছিলেন বাইকাররা। দুপুর পৌনে ১২ টার দিকে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে রেজওয়ান আহমেদ (২৭) নামে এক যুবকের সাথে অন্যদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রেজওয়ান ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে কাওসার (২৫) ও জাহিদ (২৩) ও সিহাব (২২) নামে তিন যুবক আহত হন। 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পলাশবাড়ী স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করান। এরমধ্যে সিহাবের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়। তাৎক্ষনিক তাদের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায়নি। পরে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান বলেন, ঘটনার সঙ্গে জড়িত রেজওয়ান নামে এক যুবককে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।