নৌ পুলিশের অভিযানে অবৈধ জাল ও মাছের পোনা জব্দ, আটক ৪০৩

নৌ পুলিশের অভিযানে অবৈধ জাল ও মাছের পোনা জব্দ, আটক ৪০৩

প্রতিকি ছবি

দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশের চলমান অভিযানে গত সাত দিনে বিপুল পরিমাণ অবৈধ জাল ও মাছের পোনা জব্দ করা হয়েছে। এ সময় ৪০৩ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশ সদর দপ্তর।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার (ক্যারিয়ার প্ল্যানিং এন্ড মিডিয়া) ফারজানা ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নৌ পুলিশের তথ্যমতে, গত এক সপ্তাহে দেশব্যাপী পরিচালিত অভিযানে মোট ৩ কোটি ৬০ লাখ ৮৮ হাজার ৭৭৫ মিটার নিষিদ্ধ জাল, ৫ হাজার ১৭৭ কেজি মাছ, ৪ লাখ ১০ হাজার চিংড়ির রেণু এবং ৩০৫ কেজি জেলীযুক্ত চিংড়ি জব্দ করা হয়। একই সঙ্গে নদী থেকে ৩৩৯টি ঝোপঝাড় অপসারণ করা হয়েছে, যা অবৈধ মাছ শিকারে ব্যবহৃত হচ্ছিল।

এতে আরও বলা হয়, নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৮১টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং ৮টি ড্রেজার জব্দ করা হয়।

নৌ পুলিশ জানায়, সাত দিনে বিভিন্ন অপরাধে মোট ১০৩টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৭০টি মৎস্য আইন, ১৬টি বেপরোয়া গতি, ২টি বালুমহাল, ১টি মাদক, ১টি চুরি, ১টি বিশেষ ক্ষমতা আইন, ১টি দস্যুতা এবং ২টি হত্যা মামলা। এছাড়া এ সময় ৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

জব্দকৃত অবৈধ জাল ও জেলীযুক্ত চিংড়ি ধ্বংস করা হয়েছে। চিংড়ির রেণুগুলো নদীতে অবমুক্ত করা হয়েছে এবং উদ্ধারকৃত মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

মৎস্য সম্পদ সংরক্ষণ ও নদীপথে নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় নৌ পুলিশ