চরঞ্চলের প্রান্তিক কৃষক ও নৌকার মাঝিদের মাঝে জ্বালানি তেল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন
সংগৃহীত ছবি
সারা দেশে যেখানে জ্বালানি তেলের সংকট সেখানে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন গাইবান্ধা জেলা প্রশাসন। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরঞ্চলের প্রান্তিক কৃষক ও নৌকার মাঝিদের জ্বালানি তেল (ডিজেল) প্রাপ্তি নিশ্চিত করতে বিশেষ ডিজেল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে গাইবান্ধা বালাসীঘাটে রসুলপুর পেট্রোলিয়াম নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা এই কার্যক্রমের উদ্বোধন করেন। এদিন স্থানীয় কৃষক, নৌকার মাঝিদের ১০ লিটার করে তেল বিক্রি করা হয়।
এতে গাইবান্ধার ফুলছড়ি ফজলুপুর এরেন্ডাবাড়ী ইউনিয়নের বেশ কিছু চরঞ্চলের কৃষক ও নৌকার মাঝিরা নির্ধারিত দামে সহজেই জ্বালানি তেল ক্রয় করতে পারবেন। এমন উদ্যোগ গ্রহণ করার ওই অঞ্চলের কৃষকরা খুশি।
কৃষক ও মাঝিরা জানান, আগে দূর থেকে বেশি দামে জ্বালানি সংগ্রহ করতে হতো। এখন কাছেই নির্ধারিত দামে ডিজেল পাওয়া যাচ্ছে, ফলে সময় ও খরচ দুটিই কমবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ফুলছড়ির ফজলুপুর ও এরেন্ডাবাড়ী ইউনিয়নের চরাঞ্চলে বসবাসকারী কৃষক ও মাঝিরা দীর্ঘদিন ধরে জ্বালানি সংকটে ভুগছিলেন। বিশেষ করে বোরো মৌসুমে সেচকাজ ও নদীপথে চলাচলের জন্য ডিজেলের ওপর তাদের নির্ভরতা বেশি। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে নির্ধারিত দামে সহজে ডিজেল সরবরাহ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এসময় জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা বলেন, চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা সহজ করা এবং কৃষি উৎপাদন সচল রাখতে জ্বালানির সরবরাহ নিশ্চিত করা জরুরি। এ উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠী সরাসরি উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচএম সোলায়মান শহীদ প্রমুখ।