কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে দেড় ঘণ্টা বন্ধের পর ফেরি চালু

কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে দেড় ঘণ্টা বন্ধের পর ফেরি চালু

ফাইল ছবি

কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে প্রায় দেড় ঘণ্টার মতো ফেরিসহ নৌযান চলাচল বন্ধ ছিল। আজ শনিবার ভোর ৫টা ৪৫ মিনিট থেকে ফেরিসহ নৌযান চলাচল বন্ধ করা হয়। এ সময় নদী পার হতে না পারায় উভয় ঘাটে অনেক যানবাহন আটকা পড়ে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় জানিয়েছে, চৈত্র মাসের শেষেও ভোরের দিকে আকস্মিকভাবে কুয়াশা পড়েছে, যা নৌযান চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। কুয়াশা ক্রমেই ঘনীভূত হলে দুর্ঘটনা এড়াতে তারা ভোর ৫টা ৪৫ মিনিট থেকে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে ফেরিসহ নৌযান চলাচল বন্ধ করে। এ সময় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় বিভিন্ন যানবাহন আটকা পড়ে, যার মধ্যে যাত্রীবাহী ও পণ্যের গাড়িও ছিল।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আবদুস সালাম বলেন, আজ ভোর থেকে নদীপথে কুয়াশা পড়তে থাকে। এ সময় দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি বন্ধ করে দেওয়া হয়। প্রায় দেড় ঘণ্টা পর সকাল সোয়া সাতটার পর ফেরি চালু করা হয়। এ সময় উভয় ঘাটে কিছু গাড়ি আটকা পড়ে, তবে যথেষ্ট পরিমাণ ফেরি থাকায় যানবাহন পারাপারে তেমন কোনো সমস্যা হয়নি।