চট্টগ্রামে ফিশিং ট্রলারে মিললো ৫ লাখ ইয়াবা, গ্রেফতার ৯
প্রতিকি ছবি
চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় ১৫ নম্বর ঘাট এলাকায় ফিশিং ট্রলারে অভিযান চালিয়ে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- সৈয়দ আলম (৪৫), সুলতান আহম্মদ (৫৫), মো. ইউসুফ (৪৫), মো. কাসিম (৩০), মো. ইসমাইল (৪০), শাহ আলম (৩৫), আজম উল্লাহ (৫৭), মো. ফারুক (২৫) এবং ছানাউল্লাহ (৫৭)। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক মিডিয়া এআরএম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্ত এলাকা থেকে স্বল্পমূল্যে ইয়াবা সংগ্রহ করে ট্রলারের মাধ্যমে চট্টগ্রাম শহর ও আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।
র্যাব জানায়, কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে একটি ফিশিং ট্রলারের মাধ্যমে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম নগরে আনা হচ্ছে- এমন তথ্য পেয়ে শুক্রবার অভিযান পরিচালনা করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা কয়েকজন পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে ৯ জনকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে কয়েকজন রোহিঙ্গা নাগরিকও রয়েছে। পরবর্তীতে ট্রলারটি তল্লাশি করে ইঞ্জিন রুমের পাশে রাখা তিনটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে পলিথিন ও স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১৫ কোটি টাকা।