জনগণের কাছে দেওয়া ওয়াদা বাস্তবায়নে কাজ করছে বিএনপি : প্রিন্স

জনগণের কাছে দেওয়া ওয়াদা বাস্তবায়নে কাজ করছে বিএনপি : প্রিন্স

সংগৃহীত ছবি

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি ওয়াদা ভঙ্গ করে না, ওয়াদা বাস্তবায়নের মাধ্যমে জনকল্যাণের রাজনীতি করে। জনগণের কাছে দেওয়া প্রতিটি ওয়াদা বাস্তবায়নে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে কাজ করছে দল। ইনশাআল্লাহ জুলাই সনদও বাস্তবায়নও হবে।

শনিবার দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাটে সম্প্রতি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন প্রিন্স। 

প্রধান অতিথির বক্তব্যে প্রিন্স বলেন, আর্ত মানবতার সেবা বিএনপির সর্বোচ্চ অগ্রাধিকার। দুর্যোগ-দুর্বিপাকে বিএনপি সবসময় অসহায় মানুষের পাশে থাকে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসন নিশ্চিত করতে সরকার এবং সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ চলছে। 

এসময় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, সুদসহ কৃষি ঋণ মওকুফ, খাল খনন, ধর্মীয় নেতাদের রাষ্ট্রীয় ভাতা প্রদান, জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি না করাসহ জনগণকে দেয়া ওয়াদা বাস্তবায়নে বিএনপি সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল, উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিক, ময়মনসিংহ জেলা এপিপি এডভোকেট আবুল কালাম আজাদ, রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট অফিসার হায়দার আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।