ফরিদপুরের ভাঙ্গায় পিকআপের সঙ্গে সংঘর্ষে বাস খাদে, নিহত ১
সংগৃহীত ছবি
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে তরমুজবোঝাই একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর মোল্লা (৩৭) নামক এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২৯ জন। তাদের মধ্যে ১২ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর মোল্লা ভাঙ্গার চৌধুরীকান্দা গ্রামে বসবাসকারী সেকেন্দার মোল্লার ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে মাদারীপুরগামী শাহ ফরিদ পরিবহনের একটি যাত্রীবাহী ভাঙ্গার বাবলাতলা এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা তরমুজবোঝাই পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় পিকআপে থাকা জাহাঙ্গীর মোল্লা নিহত হন।
অন্যদিকে বাসে থাকা ২৯ জন যাত্রী আহত হন। তাদের মধ্যে ১২ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপরিদর্শক (এসআই) মো. মামুন জানান, যাত্রীবাহী বাসের সঙ্গে একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।