মুন্সীগঞ্জ খাল খনন ও সড়ক মেরামত কাজের উদ্বোধন
সংগৃহীত ছবি
মুন্সীগঞ্জ সদর উপজেলায় খাল খনন কর্মসূচিসহ বিভিন্ন সড়ক মেরামত ও পুনর্বাসন কাজের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে উপজেলা উন্নয়ন তহবিলের (ইউডিএফ) আওতায় এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
সোমবার এসব কাজের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপজেলা প্রকৌশলী সালেহ হাসান প্রাসানিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনকৃত উন্নয়ন কার্যক্রমের মধ্যে রয়েছে—কমলাঘাট (আব্দুল্লাপুর ইটেরপুল) হয়ে সোনারং ইউনিয়ন হয়ে রহিমগঞ্জ বাজার, আলদী স্টিল ব্রিজ বাজার ও মাকুহাটি বাজার হয়ে টঙ্গীবাড়ি খাল (সদর অংশ) খনন; রামপাল ইউনিয়নের রামপাল কলেজ থেকে সুখবাসপুর সড়ক মেরামত; রামপাল ইউনিয়নের দক্ষিণ খানকা ইউনিয়ন পরিষদ সংযোগ সড়ক থেকে পশ্চিম খানকা সামাজিক কবরস্থান পর্যন্ত সড়ক মেরামত; এবং বজ্রযোগিনী ইউনিয়নের অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্সের সামনের সড়ক পুনর্বাসন কাজ।
সংশ্লিষ্টরা জানান, এসব প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে এবং স্থানীয় জনগণের চলাচল সহজ ও নিরাপদ হবে।